ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিনিয়োগকারীদের সচেতনতা জোরদারে ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন

২০২৬ মে ২১ ১৭:৪৫:৩০
বিনিয়োগকারীদের সচেতনতা জোরদারে ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ বিষয়ে জনসচেতনতা কার্যক্রম সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২১ মে) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশনের নির্বাহী পরিচালককে। একই সঙ্গে যুগ্ম পরিচালক মো. শরিফুল আলমকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবং সহকারী পরিচালক মো. শহিদুল ইসলামকে ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, জেলা প্রশাসকের কার্যালয়ের মাসিক সমন্বয় সভায় ‘ব্যবসা-বাণিজ্য’ শীর্ষক আলোচ্যসূচির আওতায় নিয়মিতভাবে বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা বিষয়ক এজেন্ডা অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়া, ফোকাল পয়েন্ট ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। প্রয়োজনে দ্রুত ও কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখায় দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও সিনিয়র সহকারী কমিশনারদের পুঁজিবাজারে বিনিয়োগসংক্রান্ত তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন মনোনীত কর্মকর্তারা।

পাশাপাশি, ফোকাল পয়েন্ট ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনসহ জেলা তথ্য অফিসসমূহে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং নিরাপদ বিনিয়োগ সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে