ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

পুরো পর্ষদ বাতিল, দায়িত্ব নিলো কেন্দ্রীয় ব্যাংক

২০২৬ জুন ১৫ ০৮:২১:২৩
পুরো পর্ষদ বাতিল, দায়িত্ব নিলো কেন্দ্রীয় ব্যাংক

আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা ও জনস্বার্থ বিবেচনায় দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি নিয়োগ পাওয়া চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ পর্ষদের সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন-কে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকে জরুরি বৈঠক :

এর আগে রোববার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) **আলতাফ হুসাইন**সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে ইসলামী ব্যাংকের দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অংশ নেন। ব্যাংকের চলমান তারল্য সংকট, গ্রাহকদের টাকা উত্তোলনের চাপ এবং সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে গভর্নরকে অবহিত করা হয়।

তারল্য সংকট ও সহায়তা :

চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষ ও আস্থাহীনতার কারণে গ্রাহকদের ব্যাপক টাকা উত্তোলনে ব্যাংকটি বড় ধরনের সংকটে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান আকস্মিকভাবে পদত্যাগ করেন। একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম-কে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এই নিয়োগের পর থেকেই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের একটি অংশের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

চলমান আন্দোলন :

এদিকে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর ব্যানারে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের অভিযোগ, বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে বসালে ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন