ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সালমান-লরেন্স দ্বন্দ্ব নিয়ে আসছে সিনেমা ‘কালা হরিণ’

২০২৬ জুন ০৩ ০৮:৪৩:৫৩
সালমান-লরেন্স দ্বন্দ্ব নিয়ে আসছে সিনেমা ‘কালা হরিণ’

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে দীর্ঘদিনের বিতর্ক এবার জায়গা পাচ্ছে সিনেমার পর্দায়। তার সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিশ্নোই-এর বহুল আলোচিত দ্বন্দ্ব অবলম্বনে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র কালা হরিণ। মুক্তির আগেই সিনেমাটি বলিউডে তৈরি করেছে তুমুল আলোচনা ও বিতর্ক।

ভারতীয় গণমাধ্যমের তথ্যে জানা গেছে, পরিচালক ভরত এস শ্রীনাত নির্মিত এই সিনেমার গল্পের পটভূমি ১৯৯৮ সালে রাজস্থানের জোধপুরের কাকানি গ্রামে ঘটে যাওয়া কৃষ্ণসার (ব্ল্যাকবাক) শিকার মামলা। সেই ঘটনাকে কেন্দ্র করেই সালমান খান ও লরেন্স বিশ্নোইয়ের মধ্যকার দ্বন্দ্ব সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রযোজকদের দাবি, ‘কালা হরিণ’ একটি রহস্য ও রোমাঞ্চধর্মী সিনেমা, যেখানে বাস্তব ঘটনার ছায়ায় নির্মিত হয়েছে কাহিনি। উত্তরপ্রদেশের সম্ভল ও মোরাদাবাদসহ বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে।

গত শনিবার প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম পোস্টার। আগামী ২০ জুন মুক্তি দেওয়ার কথা রয়েছে টিজার। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

তবে সিনেমাটি নিয়ে বিতর্কও দানা বাঁধছে। প্রযোজকদের অভিযোগ, সালমান খানের পক্ষ থেকে ছবিটির মুক্তি ঠেকাতে চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি সিনেমা নিষিদ্ধ করার হুমকিও দেওয়া হয়েছে বলে তাদের দাবি। যদিও এ বিষয়ে সালমান খান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কৃষ্ণসার শিকার মামলার পর থেকেই বিশ্নোই সম্প্রদায়ের একটি অংশ সালমান খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছে। পরবর্তী সময়ে লরেন্স বিশ্নোইও একাধিকবার তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন—এমন খবর বিভিন্ন সময় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে এই দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে।

বাস্তব ও বিতর্কিত ঘটনা অবলম্বনে নির্মিত হওয়ায় ‘কালা হরিণ’ মুক্তি পেলে পুরোনো বিতর্ক নতুন করে সামনে আসবে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার বিষয়, সব চাপ ও বিতর্কের মধ্যেও নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পায় কি না।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে