ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

কারাগারে আইভীর জন্য মমতাজের গানের আসর

২০২৬ জুন ০৬ ০৭:৩৭:৪০
কারাগারে আইভীর জন্য মমতাজের গানের আসর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কারাগারে থাকার সময় নিয়মিতই বসত গানের আসর। সেই আসরের প্রধান শিল্পী ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। জামিনে মুক্তি পাওয়ার পর নিজ বাসভবনে জেলজীবনের নানা স্মৃতি তুলে ধরে এসব কথা জানান আইভী।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্কুলজীবনের কয়েকজন পুরোনো বন্ধুর সঙ্গে আলাপকালে আইভী বলেন, কারাগারের পরিবেশকে মানবিক ও সহনীয় রাখতে সাংস্কৃতিক আয়োজন হতো। সেখানে মমতাজ বেগম নিয়মিত গান গাইতেন, যাতে বন্দিদের মন কিছুটা ভালো থাকে।

তবে একটি নির্দিষ্ট গান গাইতে মমতাজকে নিষেধ করেছিলেন আইভী। ‘আমার ভাইয়েরে কইও নাইওর আনতো গিয়া’ গানটি শুনলেই তার মনে পড়ে যেত সদ্যপ্রয়াত ছোট ভাই আহমদ আলী রেজা রিপনের কথা। পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রিপন। এর এক মাসের মধ্যেই গ্রেপ্তার হন আইভী।

আইভী জানান, ভাইয়ের মৃত্যুর স্মৃতি এতটাই গভীর ছিল যে গানটি শুনলেই তিনি আবেগাপ্লুত হয়ে পড়তেন। সে কারণে তিনি মমতাজকে অনুরোধ করেছিলেন—কারামুক্তির দিন চাইলে গানটি গাওয়া যেতে পারে। কাকতালীয়ভাবে, মুক্তির দিন বিকেলেই কারাগারের গানের আসরে মমতাজ সেই গানটি পরিবেশন করেন। তখনও আইভী জানতেন না যে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মুক্তি পেতে যাচ্ছেন।

জেলজীবনে একটি কবিতাও লিখেছেন আইভী—এমন তথ্যও জানা গেছে। সেই কবিতায় সুর দিয়েছেন মমতাজ বেগম। বিশ্বস্ত সূত্র জানায়, উপযুক্ত সময়ে গানটি জনসমক্ষে পরিবেশনের পরিকল্পনা রয়েছে। তবে কবিতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে আইভী হাসতে হাসতে বলেন, ‘আমি আবার কী কবিতা লিখি! খুব সাধারণ কিছু লেখা। মমতাজ আপা গুণী শিল্পী বলেই সেটাকে গান বানানোর চেষ্টা করেছেন।’

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে আইভীর বাসভবনে দেখা করতে যান সাবেক নারী কাউন্সিলর মিনুয়ারা বেগমসহ কয়েকজন নেতাকর্মী। আলাপচারিতার একপর্যায়ে ছোট ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি আইভী। একসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে